আচমকাই ক্যানেল ভেঙে বিপত্তি, জল থইথই বাঁকুড়ার জরকা গ্রাম - The News Lion

আচমকাই ক্যানেল ভেঙে বিপত্তি, জল থইথই বাঁকুড়ার জরকা গ্রাম




দি নিউজ লায়ন ;  কংসাবতি সেচ দফতরের ক্যানেল ভেঙে প্লাবিত হল গোটা গ্রাম। আজ সকালে আচমকাই ক্যানেলের একাংশ ভেঙে জল ঢুকতে শুরু করে বাঁকুড়ার জয়পুর ব্লকের জরকা গ্রামে। ক্যানেলের জল ঢুকে গ্রামে কোথাও এক ফুট আবার কোথাও এক হাঁটু জল ঢুকে যায়।  খবর পেয়ে বাঁকুড়ার মুকুটমনিপুর জলাধার থেকে ওই সেচ ক্যানালে জল ছাড়া বন্ধ করেছে সেচ দফতর। তড়িঘড়ি শুরু করা হয়েছে ক্যানেলের পাড় মেরামতির কাজও। 


পুজোর আগেই আমন ধানে সেচের প্রয়োজনে বাঁকুড়ার মুকুটমনিপুর জলাধারের রাইট ব্যাঙ্ক ফিডার ক্যানেলে আড়াই হাজার কিউসেক জল ছাড়া শুরু করে সেচ দফতর। এই জল ঘাটাল ব্রাঞ্চ ক্যানেলের মাধ্যমে সরবরাহ করা হচ্ছিল পশ্চিম মেদিনীপুরের ঘাটালের একাংশে।  আজ ভোরে আচমকাই বাঁকুড়ার জয়পুর ব্লকের জরকা গ্রামের কাছে ক্যানেলের দুর্বল পাড় ভেঙে জল বেরোতে শুরু করে।  


আজ সকালে ঘুম থেকে উঠে গ্রামের মানুষ দেখেন গোটা গ্রামের অবস্থা জল থইথই।  অনেক বাড়িতে জল ঢুকতে শুরু করে। তড়িঘড়ি গ্রামের কুড়িটি পরিবারকে উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। দ্রুত খবর দেওয়া হয় সেচ দফতরে।  এরপরই কংসাবতির ওই ক্যানেলে জল ছাড়া বন্ধ করা হয়। বাসুদেবপুর এলাকায় থাকা ক্যানেলের লক গেট বন্ধ করে জলের স্রোত কমানোর চেষ্টা করা হয়।


 যুদ্ধকালীন তৎপরতায় দ্রুত শুরু করা হয় ক্যানেলের পাড় মেরামতির কাজ। ক্যানেলের ভাঙা অংশ দিয়ে বেরিয়ে আসা জলস্রোতে দুর্বল হয়ে পড়েছে গ্রামের কয়েকটি মাটির বাড়ির ভিত। জলে ডুবে যায় কয়েক'শ বিঘা পাকা আমন ধানের ক্ষেত। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.